মুক্তিযুদ্ধকালে নগরীর গল্লামারী পুরনো ব্রিজের পশ্চিম পাশে নয়জনকে গুলি করে হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে (১) সুখজান বিবি নামের এক নারী মামলাটি করেন।
সুখজান বিবি খুলনার দাকোপের গড়খালী গ্রামের সেই সময়কার আওয়ামী লীগ কর্মী এবং মুক্তিযুদ্ধের সমর্থক মহাতাপ বিশ্বাসের স্ত্রী। মামলায় সাতজনকে সাক্ষী রাখা হয়েছে।
আসামিরা হলেন- নগরীর নূরনগর খালিশপুর এলাকার মো. সিরাজুল ইসলাম (৭১), খুলনা সদরের স্যার ইকবাল রোডের মো. আবদুল খালেক (৬৮), দাকোপের মো. সোহরাব হোসেন মোল্লা (৭০), মো. মতিয়ার রহমান সানা ওরফে মনি সানা (৭২), মো. এলাই গাজী (৭২) এবং মো. জহুর শেখ (৭০)।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময় আসামিরা রাজাকার এবং শান্তি কমিটির সদস্য ছিলেন। ১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে মামলার আসামিরা বাদীর স্বামী মহাতাপ বিশ্বাসসহ নয়জন মুক্তিযুদ্ধের সহযোগীকে গল্লামারী পুরনো ব্রিজের পশ্চিম পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেন। এছাড়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে হত্যা করে, নারী ধর্ষণ, নিরীহ মানুষের ধন-সম্পদ লুটতরাজ করে ঘৃণ্যতম অপরাধ করেছেন।
বাদীপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার বলেন, বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051