আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচে আম্পায়ার নিতিন মেননের ভুলে ম্যাচ হাতছাড়া হয়েছে প্রীতি জিন্তার দলটির।
আম্পায়ারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এ বিষয়ে টুইট করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ ও বিশ্লেষক আকাশ চোপড়া।
ভারতের বাইরের তারকা ক্রিকেটাররাও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন।
আম্পায়ার নিতিন মেননের ওই ভুল সিদ্ধান্ত সংশ্লিষ্ট একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভারতীয় নেটিজেনদের দাবি, আম্পায়ারের ভুলের কারণে ১ রান বঞ্চিত হয় পাঞ্জাব। আর ২০ ওভার শেষে দেখা যায় দিল্লি ক্যাপিটালসের সমান ১৫৭ রান করতে পেরেছে পাঞ্জাব। যদিও ওই রানটি ধরলে তা ১৫৮ হতো।
অমীমাংসিত অবস্থায় সুপার ওভারে যাওয়া লাগত না। আর সুপার ওভারেই প্রোটিয়া পেসার রাবাদার কাছে ধরাশায়ী হয়ে ম্যাচ হেরে যায় লোকেশ রাহুলের দল।
এবার জানা গেছে, বিষয়টিকে ছেড়ে দিতে চায় না পাঞ্জাব কর্তৃপক্ষ। এ বিষয়ে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন তারা।
এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। কেননা এ দুই পয়েন্টের জন্য হাতছাড়া হতে পারে তাদের প্লে-অফের টিকিট।
এ বিষয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীশ মেনন প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘আমরা ম্যাচ রেফারির কাছে আবেদন করেছি। মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু তাই বলে আইপিএলের মতো বিশ্বমানের টুর্নামেন্টে এমন ভুলের জায়গা নেই। এই একটি ভুলে আমাদের প্লে-অফের টিকিট হাতছাড়া হতে পারে। পরাজয় মানে পরাজয়ই। এটি অন্যায় হয়েছে। আমি আশা করছি নিয়ম পর্যালোচনা করা হবে যেখানে ভুলের কোনো জায়গা থাকবে না।’
রিপ্লে ভিডিওতে দেখা গেছে, দ্রুততার সঙ্গে ২ রান নিচ্ছেন পাঞ্জাবের দুই ব্যাটসম্যান মায়াঙ্ক ও ক্রিস জর্ডান। আর স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার নিতিন মেনন তা পরখ করছেন।
ওই রান নেয়া শেষে নিতিন মেনন জানান, জর্ডান প্রথম রান নেয়ার সময় পপিং ক্রিজের ভেতরে ব্যাট ছোঁয়াননি। তার সিদ্ধান্ত অনুযায়ী ২টি নয়, একটি রান যোগ হয় পাঞ্জাবের স্কোরে।
অথচ ভিডিওতে খালি চোখেই স্পষ্টত দেখা গেছে, পপিং ক্রিজ ছুঁয়েছিলেন জর্ডান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051