
আমি ভুলে যেতে চাই,
অবজ্ঞা অবহেলার কালো দিনগুলো
আর মনে রাখতে চাই না।
তোমার ঘৃণা ও শ্লেষ মেশানো--
আগুনের হল্কার মতো
অন্তর্দাহী অপমানের ভাষাগুলো
সব ভুলে যেতে চাই।
যন্ত্রণায় ধুঁকতে থাকা বোবা কান্নাগুলো বহুদিন হৃদয়ে মিলিয়ে গেছে।
সেখানে ফুটে উঠেছে বিজয়ীর হাসি,
এখন আমি বদলে গেছি।
সেদিনের অক্ষম দিশাহীন বেকার
আর নই গলগ্রহ।
প্রথিতযশা উদ্যোগপতি হিসেবে
আমার বিজয় সোপান আমি নিজেই বানিয়েছি।
মৃত্যুর সাথে পাঞ্জা কষে জীবনকে বাজি রেখে
আজ হয়েছি জীবন্ত ইতিহাস।
প্রত্যয়ের শ্যামল রঙে ঢেকেছি অসম্ভবকে
হৃদয় ডায়েরির পাতায়।
এখন আমি অপরাজেয় অপ্রতিরোধ্য।
বাধার বাঁধন জ্বালিয়ে দিয়ে
এগিয়ে চলার মন্ত্র জপি।
আমার দৃপ্ত পদক্ষেপে শত্রুরা আড়ালে লুকায়
আমি বুঝি।
লুকিয়ে লুকিয়ে মাপতে থাকো
আমার বুকের ছাতি
অসহ্য জ্বালায় জ্বলতে থাকো দিবারাতি।
চাও কখন আবার ভুলুন্ঠিত হই
কিন্তু আর ভুলুন্ঠিত হবো না।
কালের চাকায় এখন আমার অবস্থান শীর্ষে।
ভাগ্যের চাকাটা তো ঘুরছেই।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051