প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। মহামারি আকারে দেখা দেয়া এ ভাইরাস ঠেকাতে টিকা তৈরির জোর চেষ্টা চলছে বিশ্বজুড়ে। সে দৌড়ে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডও।
গ্লোব বায়োটেকের তৈরি টিকার প্রাণীদেহে করোনা প্রতিরোধের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে বায়োআর্কাইভ নামে একটি ফ্রি অনলাইন আর্কাইভে প্রকাশিত নিবন্ধে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই বায়োআর্কাইভকে মেডিকেল জার্নাল বলে উল্লেখ করা হলেও এটি আসলে মেডিকেল জার্নাল নয়। প্রকৃতপক্ষে কোনো মেডিকেল জার্নালে কোনো গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে ওই সংক্রান্ত নিবন্ধ এই বায়োআর্কাইভে প্রকাশের সুযোগ থাকে। তবে বায়োআর্কাইভে প্রকাশিত প্রতিবেদনগুলো অন্য বিশেষজ্ঞ দ্বারা রিভিউ বা পুনর্বিচার করা থাকে না।
গ্লোবের টিকা নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটির তথ্য চূড়ান্ত ধরে নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ না করার কথাও গুরুত্ব দিয়ে জানানো হয়েছে ওই ওয়েবসাইটেই।
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোবের টিকা নিয়ে ৩০ সেপ্টেম্বর নিবন্ধটি প্রকাশ করেছে বায়োআর্কাইভ। এ বিষয়ে গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিসটেন্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ ড. আসিফ মাহমুদ বলেন, ‘প্রাণী দেহে আমাদের ভ্যাকসিনের করোনা প্রতিরোধের সক্ষমতার প্রমাণ পেয়েছি। সেটাই আমরা প্রকাশ করেছি।’
তিনি আরও বলেন, গ্লোব বায়োটেকের গবেষণার ফাইন্ডিংসগুলো দেখা যাচ্ছে। ওটা আমরা সারা পৃথিবীর সব বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। ওখানে দেখবেন মন্তব্য করার জায়গা আছে। অবশ্যই আমরা প্রাণিদেহে এর প্রমাণ পেয়েছি। এটা কাজ করছে। কিন্তু আমাদের হিউম্যান ট্রায়ালে যেতে হবে। আরও বিজ্ঞানীরা যারা এ কাজ করছেন, তারা আসলে কী বলেন। এগুলোও আমরা দেখতে চাই।’
ভিন্নবাতা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051