‘আমরা একসঙ্গে কাজ করব। এজন্য সবার সহযোগিতা চাই। আজ থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবিও হবে এক। দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ব্যবসায়ী’ বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন সভাপতি মাহবুবুল আলম।
বুধবার এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের নতুন এ শীর্ষ নেতা বলেন, ‘এবছর অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে তুলে ধরেছেন বর্তমান সভাপতি জসিম ভাই, যে বিজনেস সামিট আয়োজন করেছিলেন সেটি ছিল অনবদ্য একটি আয়োজন। ২০২৪ সালে একটি বিজনেস সামিট করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ এজন্য বোর্ডের সবার সহযোগিতা চান তিনি।
এসময় বর্তমান সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘সামনে নির্বাচন- আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এফবিসিসিআই বোর্ড একটি ফ্যামিলির মতো করে চালাবেন। সবাইকে আপন করে নেবেন। নিজেদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে অনেক সমস্যার সমাধান করতে পারব।’
এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘এফবিসিসিআই হলো ব্যবসায়ীদের অনেক বড় একটি পরিবার। সাবেকরা ফেডারেশনের দায়িত্ব পালন শেষ করলেও এখনও ফেডারেশনকে ধারণ করে। প্রয়োজনে যেকোনো সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান তিনি।’
এর আগে বুধবার বিকেলে এফবিসিসিআই’র সভাপতি হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির ও এফবিসিসিআই’র বর্তমান সহ-সভাপতি মো. আমিন হেলালী।
এর পাশাপাশি এফবিসিসিআই’র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৬ জন পরিচালক। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ-এর সভাপতি মো. মুনির হোসেন।
বুধবার বিকেলে এফবিসিসিআই’র অডিটোরিয়ামে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ও সহ-সভাপতিদের নাম ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এসময় এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, ইলেকশন বোর্ডের সদস্য কেএমএন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ ৮ জন পরিচালক পদে নির্বাচিত হন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051