কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে তামান্না (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের হাওড় প্যারাডাইস নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
ওই তরুণীর স্বামী পরিচয় দিয়ে হোটেলে ওঠা হুমায়ুন কবির (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তামান্না কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুরের অহিদ মিয়ার মেয়ে বলে জানা গেছে। আটক স্বামী পরিচয়ের হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও অন্যান্য একাধিক সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার হাওড় পর্যটন এলাকাকে কেন্দ্র করে এখানে বেশ কিছু আবাসিক হোটেল গড়ে তোলা হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ দর্শনার্থী-পর্যটকরা এখানে ছুটে আসেন। ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন নামের দুই পর্যটক স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন।
বুধবার বেলা ১১টার দিকে তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হুমায়ুন। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে তামান্নার মরদেহ উদ্ধার করে এবং স্বামী পরিচয়ের যুবক হুমায়ুনকে আটক করে।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. তনুশ্রী সাহা বলেন, ওই তরুণীকে বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বামী পরিচয়ে হুমায়ুন নামে একজন লোক তাকে নিয়ে আসেন। সঙ্গে আরেকজন ছিলেন; তবে তিনি হোটেল কর্তৃপক্ষের কেউ কিনা তা বলা যাচ্ছে না।
এ সময় তিনি আরও জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছে। তার গলায় একটি কালো দাগ পাওয়া গেছে।
নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহের গলায় কালো দাগ থাকায় শ্বাসরোধজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051