
চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াতের শিল্পকর্ম নিয়ে আবারও শুরু হয়েছে একক প্রদর্শনী। গত শনিবার রাজধানীর গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। আর এই একক প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘প্রস্তরকাল’। জানা গেছে, এবার প্রদর্শনীতে স্থান পেয়েছে বিপাশার বিভিন্ন মাধ্যমের তিন শতাধিক শিল্পকর্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, ‘বিপাশার এই প্রদর্শনীর কার্ড যখন পেলাম, তখন দেখি কার্ডে একটি শিরোনাম লেখা রয়েছে- স্টোন টাইম বা পাথর সময়। তখন আমি খেয়াল করলাম- কী হলো, হঠাৎ বিপাশা এই প্যালিওলিথিক, নিওলিথিক ওই লাইনে চলে গেল, বহু পুরনো লাইনে; এটা কী হলো। পরে বুঝলাম আসলে পাথর সময়, যে সময়টা আমরা অতিবাহিত করলাম, করছি বা করব, সামনে যে ভালো সুদিন দেখছি তাও নয়; রোগবালাই থেকে শুরু করে সব কিছু মিলে আমাদের একটা দুর্যোগের সময় কাটিয়ে দিলাম। তখন আমার ধারণা হলো- ও একটা সিম্বল করেছে যে, পাথর সময়।’
বিশ্বব্যাপী সাম্প্রতিক বিচ্ছিন্নতা, মহামারি, সংকট সময় এবং মানুষের অপরিসীম অন্তর্নিহিত শক্তিকে শিল্পী বিপাশা হায়াত চিহ্নিত করেছেন ‘প্রস্তরকাল’ হিসাবে।নিজের এই প্রদর্শনী নিয়ে বিপাশা বলেন, ‘পাথর এবং সময় দুটোই আমাকে খুব ছোটবেলা থেকে ভাবাতো। সময় হল চতুর্থ মাত্রা- যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না এবং নিয়ন্ত্রণ করা যায় না। যা অজানা তাই আমার কাছে আকর্ষণীয়। কিন্তু এই পাথর যেমন একটি বিশাল সময়কালকে নিজের গহীনে ধারণ করে তার পুনঃআকার নেয়, তেমনি মানুষের ভেতরেও লুকিয়ে আছে মায়ের গর্ভ থেকে শুরু করে এই মুহূর্ত অব্দি পুরো জীবন। আমি পাথরের ভেতরে সময়কে দেখতে পাই। আবার কখনো কখনো সময় প্রস্তররূপে আবির্ভূত হয়।’
তিনি আরও বলেন, ‘প্রস্তরকাল শীর্ষক আমার এই প্রদর্শনীতে স্থান পাওয়া পাথর অথবা যেকোনো বিষয়ক কাজগুলোতে রয়েছে আমারই প্রতিচ্ছবি অথবা সেলফ প্রোর্ট্রেট।’
বিপাশা জানান, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত আঁকা শিল্পকর্মগুলো স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
বিপাশার এই প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন এবং সভাপতিত্ব করে শিল্পী শহিদ কবীর।
প্রদর্শনীটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/আর