আফগানিস্তানে গত ২৪ ঘন্টায় তালেবান যোদ্ধা এবং সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ১০০ জন তালেবান যোদ্ধা এবং ৮০ জন আফগান সেনা সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর বরাতে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম ‘তোলো নিউজ’ এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, উত্তর আফগানিস্তানের বাদাখশান রাজ্যের অরঘানচখাও জেলা থেকে সরকারি বাহিনী পিছু হটেছে। আফগানিস্তানের দক্ষিণের উরুজগানের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান যোদ্ধারা চরচেনো জেলার উপকণ্ঠে পৌঁছে গেছে। নিরাপত্তা বাহিনীকে তারা জেলা কেন্দ্র ছেড়ে চলে যেতে আহ্বান জানিয়েছে।
এছাড়া, বাগলান প্রদেশে আফগানিস্তানের সেনাবাহিনীর ফাঁড়ির কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১০ জন সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন। খবরে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় আফগানিস্তানের অন্তত ৭০ জেলায় তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।
বাদাখশানের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, প্রদেশের ১২টি জেলায় বিবাদমান দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। সংসদ সদস্য জাবিনুল্লাহ আতিক বলেছেন, বাদাখশানের ১৩টি জেরা মারাত্মক হুমকির মধ্যে আছে। এছাড়া, বাদগিস প্রদেশের আবকামারি জেলায় আফগান বাহিনীর প্রায় ১০০ সদস্য তালেবানের কাছে আত্মসমর্পন করেছে বলে খবর বেরিয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে। বিদেশি সেনারা চলে যাবার পর তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ক্ষমতা দখল করবেন বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051