আদালত অবমাননার বিষয়ে অনুতপ্ত-অনুশোচনা প্রকাশ করে ফের নিঃশর্ত ক্ষমা চাইলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা ব্যাখ্যায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত আগামী ৩০ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ রাখেন। ওইদিনও নুরুল হক নুরকে আদালতে থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল ও মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
আদালত অবমাননার ব্যাখ্যায় বলা হয়েছে, নূরুল হক নুর একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। ব্যক্তি হিসেবে আদালতের কর্তৃত্ব ও মর্যাদার প্রতি তার সর্বোচ্চ সম্মান রয়েছে।
তাই তিনি সততা আন্তরিকতার সঙ্গে আদালতের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অনুশোচনা ও অনুতপ্ত প্রকাশ করছেন এবং আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।
গত ৭ ডিসেম্বর দুপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ। মিছিলটি পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়।
মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে আসলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। ওই সমাবেশে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন নুরুল হক নুর। নুরের বক্তব্য উদ্বৃত্ত করে খবর প্রকাশ করে একটি দৈনিক। প্রকাশিত ওই খবর নজরে আনলে গত বছর ১৭ ডিসেম্বর স্বপ্রণোদিত রুল জারির পাশাপাশি নুরকে তলব করেন হাইকোর্ট। সে তলবে গত ১৭ জানুয়ারি আদালতে হাজির হন নুর।
আদালতে তার আইনজীবীরা হলফনামা জমা দিতে সময় চাইলে আদালত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।
ওইদিন আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমার আরজি জানালেও নুরুল হক নুরের আবেদনে উষ্মা প্রকাশ করেছিলেন হাইকোর্ট। সেদিন আদালত বলেছিলেন, নিঃশর্ত ক্ষমা চাইলেও ভবিষ্যতে আদালত অবমাননাকর কিছু না করার বিষয়ে কোনো অঙ্গীকার তিনি করেননি। তার ব্যাখ্যা সন্তোষজনক হয়নি। তখন আইনজীবীর মাধ্যমে ফের ব্যাখ্যা দাখিলের জন্য সময় চাইলে আদালত সময় মঞ্জুর করে বলেছিলেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিচার বিভাগের মর্যাদা রক্ষায় যে আদেশ দেওয়া দরকার সে আদেশেই দেওয়া হবে। সে ধারাবাহিকতায় অনুশোচনা-অনুতপ্ত প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চাইলেন নুরুল হক নুর।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051