নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসে চুরি সংগঠিত হয়েছে। শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে রোববার বিকেলে আটপাড়া থানায় মামলা হয়েছে।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ির নিচে টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙ্গে শনিবার রাতে চোর ভিতরে প্রবেশ করে নির্বাহী অফিসারের কার্যালয় ও পাশের দুইটি কক্ষের তালা ভেঙ্গে আলমারির ভিতরে থাকা প্রায় ৪ লাখ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে।এছাড়া নির্বাহী অফিসের ভিতরে থাকা সি.সি. ক্যামেরার তার কেটে হার্ডডিক্স নিয়ে যায়।
ইতিমধ্যে ঘটনাস্থল বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী অমিতাভ সরকার বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাত আসামি করে আটপাড়া থানায় মামলা করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এলাকাবাসী জানান,উপজেলা চত্বরসহ বিভিন্ন হাটে-বাজারে ও বাসা-বাড়িতে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাকিল আহমেদ বলেন, আমার কার্যালয় থেকে চোর প্রায় ৪ লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্স চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। আইনশৃংখলা বাহিনী বিষয়টি দেখছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, চুরি ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051