৭২ বছর আগে এই দিনে পৃথিবীর আলো বাতাসে চোখ মেলেছিল কেঁদে ওঠেছিল একটি শিশু। নেত্রকোনা জেলার মোহনগঞ্জের দৌলতপুর শেখ বাড়িতে, ঝাড় জঙ্গল আর জলের প্রচ্ছদে আঁকা একটি মাটির ঘরে, মায়ের কোল আলো করে জন্মেছিল যে শিশুটি, তার নাম কাজল—বাংলা সাহিত্যাকাশে যিনি হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে নন্দিত কথা সাহিত্যিক তিনি। খ্যাতিমান এ কথা সাহিত্যিকের জন্মদিন আজ।
রাত ১২টায় মোমবাতি আলোয় আলোকিত হয় গাজীপুরের নুহাশপল্লী। শুভ সুচনা হয় এ জন্মদিনের। সকালে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন ও সন্তানরা। এ ছাড়া তাঁর জন্মস্থান নেত্রকোনার মোহনগঞ্জ শেখ বাড়িতে হুমায়ূন আহমেদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় ভক্তরা। এ ছাড়া দিনটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করা হয় সেখানে।
দিনটি উপলক্ষে ‘হিমু পাঠক আড্ডা’ নামের একটি সংগঠনের আয়োজনে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা ও জন্মদিনের কেক কাটা হয়। আজ সকালে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।
এ ছাড়া সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমেও নানাভাবে স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রকে।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় নানার বাড়ি দৌলতপুর শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবার নাম ফয়জুর রহমান। মা আয়েশা ফয়েজ। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন তিনি। হুমায়ূন আহমেদের অনুজ মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞান-শিক্ষক এবং কথাসাহিত্যিক; সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক ও কার্টুনিস্ট।
১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পর পরই হুমায়ূন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। তাঁর সৃষ্ট ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ চরিত্রগুলো তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী পাঠকের কাছে হয়ে ওঠে অনুসরণ ও অনুকরণীয়। দেশে এমন মানুষের সংখ্যা হাতেগোনা, যাঁরা তাঁর নাটক দেখেননি। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাসের সংখ্যা দুই শতাধিক। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে—নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, লীলাবতী, কবি, সৌরভ, নী, ফেরা, কৃষ্ণপক্ষ, গৌরিপুর জংশন, নৃপতি, অমানুষ, সাজঘর, বাসর, বহুব্রীহি, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ, শুভ্র, নক্ষত্রের রাত, শ্রাবণ মেঘের দিন, জোছনা ও জননীর গল্প, মধ্যাহ্ন প্রভৃতি।
নব্বই দশকের শুরুতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভাব ঘটে হুমায়ূন আহমেদের। নিজের উপন্যাসের ওপর ভিত্তি করে তাঁর পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নয় নম্বর বিপদ সংকেত, ঘেটুপুত্র কমলা। আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
হুমায়ূন আহমেদ তাঁর দীর্ঘ চার দশকের সাহিত্যিক জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অন্যতম। দেশের বাইরেও সম্মানিত হয়েছেন হুমায়ূন আহমেদ। জাপানের এনএইচকে টেলিভিশন তাঁকে নিয়ে ‘হু ইজ হু ইন এশিয়া’ শিরোনামে ১৫ মিনিটের একটি তথ্যচিত্র প্রচার করে।
হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন আহমেদ। তাঁদের বিয়ে হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। এই দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে। তিন মেয়ের নাম বিপাশা আহমেদ, নোভা আহমেদ, শীলা আহমেদ এবং ছেলের নাম নুহাশ হুমায়ূন। আরেক ছেলে অকালে মারা যায়। ১৯৯০ খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে তার বেশ কিছু নাটক-চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী শাওনের সঙ্গে হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা জন্মে। এর ফলে সৃষ্ট পারিবারিক অশান্তির অবসানকল্পে ২০০৫-এ গুলতেকিনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয় এবং ওই বছরই শাওনকে বিয়ে করেন। এ ঘরে তাঁদের তিন ছেলেমেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। ছেলেদের নাম নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
২০১০ সালের সেপ্টেম্বরে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে ২০১২ সালের ১৯ জুলাই কোটি বাঙালিকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051