নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে গঠিত সার্চ কমিটি আজ শনিবার বৈঠকে বসতে যাচ্ছে। বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের খবর, শনিবারের বৈঠকে শুধু কমিটির সদস্যরা থাকবেন। সেখানে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হতে পারে।
বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে পাওয়া তিন শতাধিক ব্যক্তির মধ্যে ১০টি নাম চূড়ান্ত করার কাজ শুরু করেছে অনুসন্ধান কমিটি। গত বুধবার কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির চতুর্থ বৈঠক হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
এর আগে গত শনি, রোব ও মঙ্গলবার চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হয়নি।
কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর এখন নির্বাচন কমিশন শূন্য। নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধান কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস। সেই হিসেবে তাদের হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। অনুসন্ধান কমিটি ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051