রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন তিনি। আগামী অক্টোবর মাসে এই অংশে আনুষ্ঠানিকভাবে চলতে পারে রাজধানীর নতুন এই গণপরিবহন।
এর আগে বুধবার মধ্যরাতে হঠাৎ করেই প্রথমবারের মতো আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল করে মেট্রোরেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপর আগামী অক্টোবরে পুরোদমে যাত্রী চলাচল শুরু হবে।
আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হচ্ছে— বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন— ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব না হলে প্রথমে কয়েকটি চালু করা হবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলোও চালু করা হবে।
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশ যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে। অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051