আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
তিনি বলেছেন, পল্লীবন্ধুর আদর্শে সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজনীতি করছি। আগামী নির্বাচনে ৩০০ আসনেই মনোনয়ন দিয়ে আমরা ভোটের মাঠে লড়াই করবো।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভায় চুন্নু এসব কথা বলেন।
সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র দেখলেই বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের লোকেরা আর নৌকায় ভোট দিতে চাচ্ছে না। সরকারি দলের নেতারাই বলেছেন, ১৯৯৬ সালের নির্বাচনে জাপার সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে না পারলে আ’লীগ শেষ হয়ে যেতো।’
তিনি আরও বলেন, আ’লীগ ও বিএনপি সংবিধানের মূল চার নীতির তিনটি প্রায় শেষ করে দিয়েছে। গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, তখন দুর্নীতি বৃদ্ধি পায়।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, কাফরুল থানার সভাপতি মো. শামসুল হক, হাতিরঝিল থানার আহ্বায়ক হাজী মোহাম্মদ নাসির উদ্দিন সরকার প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051