
জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘জাতীয় পার্টি আগামী নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে আগামীতে সরকার গঠন করবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মী সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাই।
বুধবার অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই মহাচোর, লুটেরা, দুর্নীতিবাজ ও স্বৈরাচারী। এ দুই দলের কোনোটাই ভালো নয়। দুই দলই বেইমান। তাই দুটি দলকে নিয়ে দেশের মানুষ এখন ভীত-সন্ত্রস্ত।
জাতীয় পার্টির সমর্থন না পেলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারত না উল্লেখ করে চুন্নু বলেন, কিন্তু আওয়ামী লীগ প্রতিবারই আমাদের সঙ্গে বেইমানি করে চলেছে। বর্তমান সরকারের মন্ত্রীরা গাধার মতো একেক সময় একেক ধরনের নানা অসলগ্ন কথাবার্তা বলে যাচ্ছেন। বর্তমানে সামনের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মারমুখী অবস্থান নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চলেছে। তাদের দুঃশাসন থেকে মুক্তি পেতে চায় দেশের মানুষ।
জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন, তাই আগামী নির্বাচনে জয়লাভ করে জাতীয় পার্টিকে সরকার গঠন করতে হবে।
বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা জাতীয় পার্টির সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এতে উদ্বোধক ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি। পরে ইনস্টিটিউটের মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন রশীদ মাতব্বরের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. সোলেমান আলম শেঠ, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ও খাগড়াছড়ি জেলার সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।
স্বাগত বক্তব্যসহ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির জেলা, অঙ্গ-সহযোগী, উপজেলা ও পৌর কমিটির নেতারা। বিকাল ৪টায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, আমাদের দলে কোনো বিরোধ বা বিভেদ নেই। যারা বিভেদ তৈরি করতে চান, তাতে কোনো লাভ হবে না। ডানপন্থি, বামপন্থি, চরমপন্থি, নরমপন্থি সব নৌকায়। ফলে নৌকার অবস্থা এখন ডুবু-ডুবু। তাই আগামীতে জিএম কাদেরের নেতৃত্বে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি।
ভিন্নবার্তা/এমএসআই