
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আওয়ামী লীগ সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। কেননা আওয়ামী লীগ জনগণের দল, জনগণের উন্নয়নে কাজ করে, সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আওয়ামী লীগ ক্রান্তিকালে মানুষের অধিকার আদায়ের জন্য গঠন হয়েছিল।
সোমবার দুপুরে রংপুর মহানগরীর জাফরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আয়োজিত হাজীরহাট থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ মানুষের হৃদয়ে আছে, শত ষড়যন্ত্র ও চক্রান্ত এ দলকে রুখতে পারে নাই বরং জনগণের আস্থা অর্জন করে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। অথচ বিএনপি এ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশকে ভিক্ষুকের দেশে পরিণত করতে চায়।
তিনি বলেন, মিথ্যাচারে বিশ্বচ্যাম্পিয়ন বিএনপি। রমজান মাসেও বিএনপি মিথ্যাচার করছেন, এখনো করছেন। নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করেই চলছেন। ১৯৭১ ও ৭৫ সালের খুনিদের সঙ্গে নিয়ে বিএনপি নামক দল গঠন করেছিল জিয়াউর রহমান। ক্ষমতায় থাকার জন্য অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশকে আবারো পাকিস্তান বানাতে চেয়েছিল।
জনগণ সেই সুযোগ না দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগকে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সড়কপথের উন্নয়ন করেছে, শিক্ষায় আমূল পরিবর্তন করেছে। সেই সঙ্গে সারা দেশের মতো রংপুর থেকে মঙ্গা নামক অভিশাপ দূর করে উন্নয়নের ধারায় নিয়েছে। তাই আগামী দিনে এই উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর থেকে জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে হবে।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। অনুষ্ঠানে হাজিরহাট থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নবীউল্লাহ পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। এ সময় সম্মেলনে রংপুর জেলা ও মহানগর এবং বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর