
এ মাসেই শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সফরের আগেই ছুটি নিয়ে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেছেন সাকিব। দেশের হয়ে টেস্ট না খেলে সাকিবের আইপিএল খেলা নিয়ে কম সমালোচনা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছুটি দিয়েও বিপাকে পড়েছে।
বিসিবি যদি আইপিএল খেলতে ছুটি না দিত, তা হলে কী করতেন? এমন এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, অবশ্যই আমি চেষ্টা করতাম ছুটিটা নেওয়ার। যেভাবে বলে বা অনুরোধ করে সম্ভব হয়, সর্বোচ্চ চেষ্টা করতাম। তার পরও না দিলে তো আমার কোনো অপশন ছিল না। টেস্ট খেলতেই যেতে হতো।
মুম্বাই থেকে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, তবে আমার মনে হয় না, এ রকম পরিস্থিতি আবার আসবে বা বারবার হবে। নরমাল সময়ে যদি শ্রীলংকার বিপক্ষে সিরিজটি হতো, যখন আমি নিষেধাজ্ঞার পর ফিরলাম দেশে, ওই সময়ে হলে এসবের প্রশ্নই আসত না। আইপিএলের এ পুরো সময় ফ্রি থাকতাম আমি। তখন এই কথাগুলো উঠত না।
আইপিলে অতীতে ৬৩ ম্যাচে অংশ নিয়ে ৫৯ উইকেট শিকার করা সাকিব আরও বলেন, আমি যদি ঠিকভাবে ট্রেনিং করতে পারি… ধরুণ, আমাদের দেশে তো অত বিগ হিটার নেই। এখানে আমি যাদের সঙ্গে বা বিপক্ষে খেলব, আরও অনেক কোচ আছেন, তারা হয়তো অনেক টেকনিক দেখাতে পারেন, হতে পারে একটা ছোট্ট টিপসও বড় উপকার করতে পারে আমার, ওদের সঙ্গে কথা বলে একটা-দুটা জিনিস হয়তো পিক করলাম, যা বিশ্বকাপে কাজে লাগবে। নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনাই বেশি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ