বাংলাদেশ জাতীয় দলের পোসার মুস্তাফিজুর রহমান বলেছেন, লোভনীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতেই বেশি পছন্দ করেন। দেশের হয়ে খেলাটা তার কাছে অনেক বেশি সম্মানের। আইপিএলের চলতি আসরের দুটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন মুস্তাফিজ। কোভিড-১৯ আতংকের মধ্যেই দুবাইয়ে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু মুস্তাফিজকে ছাড়পত্র দিতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খানের মতে, কাকতালীয়ভাবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সঙ্গে মিলে গেছে আইপিএল। সফরকালে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। বিগত কয়েক বছর মুস্তাফিজ লাল বলের নিয়মিত খেলোয়াড় না হলেও তার মতে টেস্ট পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাকে রাখা হয়েছে।
'দ্য ফিজ' নামে পরিচিতি পাওয়া এই কার্টার মাস্টার অবশ্য মোটা অংকের হাতছানির লোভ সংবরণ করে বলেছেন, ছাড়পত্র না পাওয়াতে তার কোন আক্ষেপ নেই, কারণ তিনি নিজেও আইপিএলের চেয়ে বাংলাদেশের হয়ে খেলতে বেশি পছন্দ করেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, 'আইপিএল আমার দেশের চেয়ে বড় নয়। সুতরাং ছাড়পত্র না পাওয়ায় আমার কোনো সমস্যা নেই। এটি নিয়ে আমার কোন আক্ষেপও নেই।'
অবশ্য আইপিএলের কোনো দুটি ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে প্রস্তাব দিয়েছিল তার নাম জানাননি। বরং তার ছাড়পত্রের জন্য বিসিবির সঙ্গে যোগাযোগ করার কথা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, 'আমি তাদের বলেছি বিসিবির সঙ্গে যোগাযোগ করতে। কারণ জানি কাকতালীয়ভাবে শ্রীলঙ্কা সফরের সময় আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফর বেশি গুরুত্বপূর্ণ।'
নিজের ২৫ তম জন্মদিনে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন বলেও জানান ফিজ। তিনি বলেন, ক্রিকেটার, বন্ধু ও ভক্তদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ।'
এদিকে তিনজন সাপোর্টিং স্টাফের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় কয়েকদিনের জন্য স্থগিত করা হয়েছে একক অনুশীলন। কাটার মাস্টার বলেন, 'এতে কিছুটা খারাপ লাগলেও বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি ১২দিন অনুশীলন করেছি, মনে হচ্ছে পুরোনা ছন্দ ফিরে পেয়েছি।' তার মতে কোন বোলারের অবস্থা মুল্যায়নের জন্য ম্যাচ খেলার বিকল্প নেই, 'গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেট খেলা। আমাদের বোলিংয়ের উন্নতি ও ছন্দ খুঁজে পাওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি ম্যাচ খেলাতে উদগ্রীব হয়ে আছি।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051