পটুয়াখালী থেকে জলদস্যু বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮। সেই সঙ্গে তাদের ডাকাতির কাজে ব্যবহার করা নৌকাও জব্দ করা হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল শহরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে গলাচিপা উপজেলার বোয়ালিয়া-পঙ্গীয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরগুনার তালতলী উপজেলার খলিল জমাদ্দার (৫০), পটুয়াখালী কলাপাড়া উপজেলার মাহতাব পেয়াদা (৩৩), জামাল আকন্দ (৩৬), মো. মাছুম ওরফে মানছুর খলিফা (৪৬) ও গলাচিপা উপজেলার মিনাজ খাঁ (৪০)। তাঁদের মধ্যে খলিল জমাদ্দার জলদস্যুদের মূল সমন্বয়কারী বলে দাবি করেছে র্যাব। সুন্দরবনসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে জেলেদের অপহরণ করে তারা মুক্তিপণ আদায় করতো বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গলাচিপা উপজেলার বোয়ালিয়া-পঙ্গীয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় জলদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি করে। তখন বেশ কয়েকজন জলদস্যু পালিয়ে যায়। এ সময় র্যাব পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051