
ইসরায়েলের হাসপাতালে চিকিৎসাধীন গাজাবাসী নিয়মিতই শেকলবন্দি, চোখ বেঁধে ফেলে রাখা হয়। এদের অনেককে জোর করে নগ্ন রাখা হয়। ব্যথানাশক ওষুধ, অ্যানেসথেসিয়া ছাড়াই তাদের শরীরে ছুরি-কাঁচি চালাচ্ছেন চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছে চিকিৎসাকর্মীরা ইসরায়েলের হাসপাতালে অসুস্থ, আহত ফিলিস্তিনিদের ওপরে নির্মম আচরণের চিত্র তুলে ধরেছেন।
হামাসের সঙ্গে লড়াই শুরুর পর ইসরায়েলি বাহিনী গাজা থেকে যে ফিলিস্তিনিদের আটক করে আনছে, তাদের অনেকেই নির্যাতন সইতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে। কেউ বা আহতাবস্থায় ইসরায়েলের হাতে আটক হয়েছে। এদের অনেককেই তখন ইসরায়েলের অস্থায়ী সামরিক হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই চিকিৎসাকর্মী জানান, হাসপাতালগুলোতে এই ফিলিস্তিনিদের প্রতি যে রূঢ় আচরণ করা হয়, সেটিকে নির্যাতন বলাও চলে।
বিবিসির কাছে গোপন তথ্য ফাঁসকারী এক চিকিৎসাকর্মী জানান, ইসরায়েলের একটি সামরিক হাসপাতালে ব্যথানাশক ওষুধ ছাড়াই ফিলিস্তিনিদের শরীরে কাটাছেঁড়ার কাজ নিয়মিত করা হয়। সেই অসুস্থ মানুষগুলো অসহনীয় ব্যথায় চিৎকার করতে থাকেন। আরেক চিকিৎসাকর্মী জানান, সরকারি হাসপাতালগুলোতে বড় অনেক ফিলিস্তিনির ব্যথানাশক ওষুধ প্রয়োজন থাকলেও তা দেওয়া হয় না। বড় মাপের কোনো চিকিৎসা দেওয়ার সময় হয়তো বেছে বেছে কয়েকজনকে খুবই সামান্য মাত্রায় ব্যথানাশক ওষুধ দেওয়া হয়।
ইসরায়েলের সামরিক হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক অবশ্য স্বীকার করেছেন, হাসপাতালগুলোতে প্রহরীরা অসুস্থ ফিলিস্তিনিদের যেভাবে শিকল বেঁধে রাখেন এবং অন্যান্য বিধি-নিষেধ আরোপ করে তা অমানবিক। দক্ষিণ ইসরায়েলের এসডিই টিইমন সামরিক ঘাঁটিতে গড়ে তোলা একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে অসুস্থ, আহত আটকাধীন গাজাবাসীকে যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাতের পর এই অস্থায়ী হাসপাতালটি তৈরি করা হয়। কয়েক চিকিৎসাকর্মীর বরাতে জানা গেছে, এসডিই টিইমন সামরিক ঘাঁটির অস্থায়ী হাসপাতালে আহত বা অসুস্থ ফিলিস্তিনিদের চার হাত-পা শেকলে বেঁধে রাখা হচ্ছে। তাদের শৌচাগারেও যেতে দেওয়া হয় না।
তাদের ডায়পার পরিয়ে রাখা হচ্ছে। দুই প্রত্যক্ষদর্শী জানায়, হাসপাতালটিতে কম্বলের নিচে ফিলিস্তিনিদের নগ্ন করে রাখা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, চিকিৎসাকেন্দ্রে আটক ফিলিস্তিনিদের যথার্থ ও যত্ন সহকারেই চিকিৎসা দেওয়া হয়।
সূত্র : বিবিসি