হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফীকে বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
রোববার সন্ধ্যার পর হাটহাজারী থেকে আল্লামা শফীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।
তিনি বলেন, আব্বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। এ ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি দেশবাসীর কাছে আল্লামা শফীর জন্য দোয়া কামনা করেছেন।
১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ মাঝেমধ্যেই অনিয়ন্ত্রিত হয়ে যায়।
শুক্রবার থেকে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায় স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছিল। আল্লামা শফীর অসুস্থতার কথা শুনে নিকটাত্মীয়, ছাত্র-ভক্তরা হেফাজত আমিরের কার্যালয়ে ভিড় করলেও তার সঙ্গে কারও দেখা করতে দেওয়া হয়নি।
হাটহাজারী সূত্রে জানা গেছে, এখন আল্লামা শফীর শারীরিক অবস্থা একটু ভালো। তার পরও চট্টগ্রামসহ ঢাকার বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তির চেষ্টা চলছে, কিন্তু আইসিইউ খালী না থাকায় হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না। তাই আপাতত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, ১১ এপ্রিল শনিবার বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১৪ এপ্রিল আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা শেষে হাটাহাজারী ফেরেন।
আল্লামা শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051