
অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের পর একজন অংশগ্রহণকারীর অসুস্থ হয়ে যাওয়ার সাথে ওই ভ্যাকসিনের সম্ভবত কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিবিসি জানিয়েছে, এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনলাইনে অংশগ্রহণকারীর তথ্যসংবলিত একটি নথি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তাদের ভ্যাকসিন গ্রহণের পর একজন অংশগ্রহণকারীর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সবরকমভাবে যাচাই করে দেখা হয়েছে।
এতে জানা গেছে, ওই অসুস্থতার সাথে ভ্যাকসিনের প্রভাবের কোনো সম্পর্ক নেই। কিংবা এখন পর্যন্ত ওই অসুস্থার ওপর ভ্যাকসিনের প্রভাব ছিল তা প্রমাণের মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ ভ্যাকসিনের ট্রায়াল আবার চালু করার পক্ষে মত দিয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে আবারো অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল চালু হয়ে গেছে। বর্তমানে ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় এর ট্রায়াল চলছে। যুক্তরাষ্ট্রেও এর তৃতীয় ধাপের ট্রায়াল চলছিল।
অর্ধেক ভ্যাকসিন ধনী দেশগুলোর দখলে : প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে উদ্ভাবিত ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় এগিয়ে রয়েছে সমৃদ্ধশালী দেশগুলো। প্রাথমিক পর্যায়ে ধনী দেশগুলো অর্থাৎ বিশ্বজনসংখ্যার মোট ১৩ শতাংশ মানুষ এই ভ্যাকসিনের ডোজ গ্রহণের সুবিধা পাচ্ছে।
বুধবার দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশ করা এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
করোনার ভ্যাকসিন আবিষ্কারে এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায়ও আছে কয়েকটি। এসব প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছে কয়েকটি দেশ।
টিকার ট্রায়ালে অংশ নিলেন বাহরাইনের যুবরাজ : বাহরাইনের যুবরাজ (ক্রাউন প্রিন্স) শেখ সালমান বিন হামাদ দেশটিতে চলমান কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন।
টুইটারে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, শেখ সালমান মাস্ক পরিহিত অবস্থায়। একজন মেডিক্যাল কর্মী তার শরীরে টিকার ইঞ্জেকশন প্রয়োগ করছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘উই রেইস অ্যাজ ওয়ান’ (এক হয়ে লড়ি সবাই)। এ খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল পত্রিকা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ