অবৈধ দখলদারদের আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, যারা অবৈধভাবে খাল ও নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে।
বুধবার রাজধানীর মিরপুরের বাউনিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, খালটি ৬০ ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। এর আগে একাধিক বার চেষ্টা করেও খালটি উদ্ধার করা যায়নি।
মেয়র অতিক বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধানে সুপরিকল্পিত তিনটি জলাধারের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জলাধারের জন্য নির্ধারিত জমির অধিকাংশই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।
তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ডিএনসিসি কাজ করে যাচ্ছে। আগামী দুই বছরের মধ্যেই নগরবাসী এর সুফল পাবে।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর জামাল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051