শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই ছিল তার টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়। ম্যাচ শেষে আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ ক্রিকেট-যাত্রা, প্রাপ্তি ও কৃতজ্ঞতার কথা জানালেন তিনি।
অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ম্যাথিউস। বিদায়ী বক্তব্যে তিনি বলেন, 'অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা সত্যিই কল্পনাতীত। আমি আপ্লুত। যারা শুরু থেকে আমাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই পথচলা সহজ ছিল না, অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। কিন্তু চারপাশের সমর্থনের কারণেই আজ এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে।'
টেস্ট ক্রিকেটকে ‘সেরা ফরম্যাট’ উল্লেখ করে ম্যাথিউস বলেন, 'এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া খুবই আবেগময়। এটা ছিল আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট। তবে এখন সময় হয়েছে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার।'
বাংলাদেশ দলের প্রশংসাও করেন তিনি। বলেন, 'বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বিশেষ করে মুশফিক ও শান্ত অসাধারণ ব্যাট করেছে। পাথুমও আমাদের পক্ষে ভালো করেছে।'
নিজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন দুটি স্মরণীয় জয়—'ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এসব জয় পুরো দলের সম্মিলিত সাফল্যের ফসল।'
শেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ম্যাথিউস বলেন, 'আমি ধন্যবাদ জানাতে চাই সব খেলোয়াড়, কোচ ও ভক্তদের, যারা আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে।'
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051