বাগেরহাটের শরণখোলায় জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারী নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা। এ ছাড়া নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ একাধিক অভিযোগ উত্থাপন করা হয় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এসব অভিযোগ তুলে ম্যানেজিং কমিটির সদস্য মো. হাবিব শিকাদার, মো. রুহুল আমিন শেখ, ফোরকান তালুকদার, ফিরোজা বেগম, স্বপন কুমার মিস্ত্রি, আতিকুর রহমান বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় শরণখোলা প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন। এ সময় অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির সদস্যদের অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বিদ্যালয়ে যোগদানের পরে তফসিল গোপন রেখে তার পছন্দের লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেন। পরবর্তীতে ওই কমিটির কোনো সভা না করে বাড়ি বাড়ি গিয়ে রেজুলেশনে তাদের সাক্ষর করিয়ে শুরু করেন অফিস সহকারী নিয়োগের প্রক্রিয়া। বিষয়টি বুঝতে পেরে গত বছরের ৭ জুলাই একযোগে পদত্যাগ করেন ম্যানেজিং কমিটির আটজন সদস্য।
পূর্বের কমিটির সদস্যদের পদত্যাগের পর বোর্ডের নির্দেশনা অনুযায়ী পুনরায় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে রুহুল আমিন শেখ, ফোরকান তালুকদার, হেলাল উদ্দিন বাচ্চু, বাচ্ছু বয়াতী ও ফিরোজা বেগমকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কিমিটিতে। কিন্তু এই কমিটি গঠন করেও বিদ্যালয়ে সভা না করে রেজুলেশনে সদস্যদের আলাদা ডেকে ডেকে সাক্ষর নিয়ে গত ১৭ নভেম্বর প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থী মো. মিরাজ হাওলাদারকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন। এই অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে শোকজ নোটিশ করেন প্রধান শিক্ষক। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রশাসনের কাছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, নিয়মতান্ত্রিকভাবে সদস্যদের উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সভা করা হয়। তাছাড়া, মেধার ভিত্তিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি সরদার মোস্তফা শাহিন বলেন, অফিস সহকারী নিয়োগ নিয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি উভয়েরই নিজস্ব স্বার্থ জড়িত থাকায় বিরোধ সৃষ্টি হচ্ছে। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051