সকল ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) আয়োজিত 'কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়' শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নির্ধারিত স্লোগান 'সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন' যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের কিশোররাই আগামীর ভবিষ্যৎ, আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তাই তাদেরকে সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, প্রত্যেক মাতা-পিতাকেই তার সন্তান কার সঙ্গে মিশে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যায় কিনা, পড়াশোনা ঠিকমতো করে কিনা, যথাসময়ে বাসায় ফিরে কিনা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত যাবতীয় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে কিনা, কোনো ধরনের মাদক গ্রহণ করে কিনা এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করে কিনা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ধ্বংসের তলানিতে পৌঁছানোর আগেই কিশোর অপরাধী ও গ্যাং অপসংস্কৃতি নির্মূলে পর্যাপ্ত সংশোধন ব্যবস্থা, কাউন্সেলিং, পরিবার ও সমাজের যথোপযুক্ত মনোযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরদেরকে দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের সভাপতিত্বে সেমিনারে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051