পুরান ঢাকায় অপরিকল্পিতভাবে নির্মিত অনেক ভবনেরই বয়স ১০০ বছরের বেশি। এর মধ্যে বেশির ভাগই সময়োপযোগী নয়। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থাও অনেক সংকীর্ণ। পুরান ঢাকার চলমান এসব নাগরিক সমস্যাগুলোর সমাধান করে শিগগিরই নতুন শহরের আদলে সাজানো হবে। এ লক্ষ্যে সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানের জন্য বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও পুনঃ উন্নয়ন শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। ঢাকায় কর্মরত সেবা খাতের সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) সেমিনারটি আয়োজন করে।
ডুরার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ফজলে রেজা সুমন, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, মেলবোর্ন বিশ্ববিদ্যালয় নগর-পরিকল্পনা বিভাগের অ্যালামনাই আয়েশা সাঈদ, আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম, সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক এবং হেরিটেজ বিশেষজ্ঞ স্থপতি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।
মূল প্রবন্ধে বলা হয়, পুরান ঢাকার মূল সমস্যার মধ্যে অকার্যকর রোড নেটওয়ার্ক, অপর্যাপ্ত পানি সরবারাহ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত নাগরিক উন্মুক্ত স্থান, উচ্চ ঘনত্বের জনসংখ্যা, নিম্নমানের জীবনযাত্রা অন্যতম। অপরিকল্পিত, ঘনবসতিপূর্ণ, অপ্রতুল নাগরিক সুবিধাদি সম্পন্ন এ এলাকার বাসিন্দাদের চাহিদা ও ঐকমত্যের ভিত্তিতে পর্যাপ্ত নাগরিক সুবিধা সম্পন্ন একটি পরিকল্পিত এলাকা হিসাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এতে করে সীমিত ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে।
প্রবন্ধে প্রস্তাব করা হয়, নগর পুনঃ উন্নয়নের জন্য পুরান, জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ করতে হবে। এর মাধ্যমে ভূমির যথাযথ উন্নয়নে পর্যাপ্ত খোলা জায়গা তৈরি যাবে। যেখানে পার্ক, খেলার মাঠ, নাগরিক সুবিধাদি, প্রশস্ত রাস্তা প্রভৃতির সংস্থান করা যায়। তবে এ ক্ষেত্রে হেরিটেজ হিসেবে বা অন্যান্য দৃষ্টিকোণ থেকে বেশ কিছু স্থাপনা সংরক্ষণও করা যেতে পারে।
পুরান ঢাকাকে নতুন করে সাজাতে রাজউক প্রণীত খসড়া আরবান রিডেভেলপমেন্ট (নগর পুনঃ উন্নয়ন) প্রকল্প দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন উল্লেখ করে প্রবন্ধে বলা হয়, পুরান ঢাকার নাজিমউদ্দীন ও বকশি বাজার-চকবাজার রোড পুরোনো ঢাকার অন্যতম দুইটি প্রবেশদ্বার। রাজউক কর্তৃক প্রণীত ড্যাপে এ দুটি রাস্তাকে ৬০ ফুট প্রশস্তকরণের প্রস্তাবনা আছে। প্রকল্প ফলপ্রসূ করার জন্য রাস্তা দুটিকে জরুরি ভিত্তিতে প্রশস্তকরণের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সুবিধাজনক স্থান চিহ্নিত করে প্রকল্প চলাকালীন সময়ে প্রকল্পভুক্ত নাগরিকদের অন্তর্বর্তীকালীন আবাসন ব্যবস্থা প্রকল্পের আওতায় নিশ্চিত করতে হবে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051