
ভারতে ওড়িশার বালেশ্বরের পর এবার অন্ধ্র প্রদেশ। রাজ্যের বিজয়নগরম জেলায় রবিবার যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এক্সপ্রেস ট্রেনের। এতে নিহত হয়েছে তিনজন। চলছে উদ্ধারচকাজ।
মাস কয়েক আগেই বালেশ্বরে দুটি ট্রেন ও একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিল প্রায় ২৮০ জন।
জানা যায়, যাত্রীবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস।
এতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ভারতের পূর্ব মধ্য রেলের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। তাতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
তবে সেই সংখ্যাটা জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।
প্রকাশিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে ট্রেনের বগি। সেখানে জড়ো হয়েছে বহু মানুষ। উদ্ধারকাজে হাত দিয়েছে স্থানীয়রাও।
এদিকে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
মুখ্যমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছে, মুখ্যমন্ত্রী বিজয়নগরম জেলার ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে এবং আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নিকটবর্তী জেলাগুলো থেকে যতটা সম্ভব অ্যাম্বুল্যান্স পাঠাতে এবং কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। ঘটনার বিশদ বিবরণ সময়ে সময়ে তাকে জানানো উচিত বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি