অনুপ্রবেশ ও গরু পাচার নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির অভিযোগকেই স্বীকৃতি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য সরকারকে নিশানা করলেন শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘জনমতের চাপে অনুপ্রবেশ রুখতে দ্রুত বিএসএফকে সাহায্য করতে বাধ্য হবে রাজ্য সরকার!’
অনুপ্রবেশ, গরু পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাংলাদেশ সীমান্তে গরু পাচার নিয়ে শুধু স্থানীয় রাজনৈতিক দলের নেতা নন, খোদ বিএসএফের এক সাবেক কর্মকর্তা সম্প্রতি অভিযুক্ত হয়েছেন। যা নিয়ে তদন্ত চলছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের সফরে অনুপ্রবেশ ও গরু পাচার নিয়ে অমিত শাহ রাজ্য সরকারকে আবারও নিশানা করবেন তা বিজেপি নেতাদের বক্তব্যেই ইঙ্গিত মেলে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ৩টি ভাসমান বিএসএফের চৌকি ও বনগাঁর হরিদাসপুরের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে উদ্বোধনী বক্তব্যে সাফ জানিয়ে দেন, ‘বিরোধী দলনেতা আমাকে জানিয়েছিলেন এখানে অনুপ্রবেশ ও চোরাচালানের সমস্যা খুব বেড়েছে। আধুনিক নতুন এ সীমান্ত চৌকির সাহায্যে সেই সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে’।
এরপরই তিনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলে বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি অনুপ্রবেশের সমস্যা রয়েছে। কৌশল বদল করছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের ঠেকানোই বড় চ্যালেঞ্জ। অনুপ্রবেশ ও চোরাচালান স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া সামলানো মুশকিল। সেই সাহায্যও খুব দ্রুত পাওয়া যাবে, এমন রাজনৈতিক পরিস্থিতি দ্রুত এখানে তৈরি হবে। জনতার এমন চাপ তৈরি হবে যে সাহায্য করতেই হবে।’
এ মুহুর্তে বিএসএফের ইস্টার্ন কমান্ডের অধীনে রয়েছে পশ্চিমবঙ্গ,আসাম, ত্রিপুরা,মেঘালয় ও মিজোরাম সীমান্ত। এই পাঁচ রাজ্যের সীমান্ত এলাকা ৪ হাজার কিলোমিটারের বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২ হাজার ২০০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা সাউথ বেঙ্গল ও নর্থ বেঙ্গল নামে দুটি পৃথক ফ্রন্টিয়ারে বিভক্ত। এই সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সেন্সর প্রযুক্তি বসানো হচ্ছে। এই সেন্সর লুকানো থাকবে মাটির নিচে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালানের চেষ্টা চালানো হলেই সংকেত পেয়ে ব্যবস্থা নেবে বিএসএফ।
বিজেপির দাবি,এই সফরে মূলত অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করা নিয়ে আলোচনা হবে। এ নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির মুখপাত্র ধীরাজমোহন ঘোষ বলেন,‘যত দূর জানি,সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোই মূল আলোচনার বিষয়। এলাকার বাসিন্দারা পাচার নিয়ে বিরক্ত। স্থানীয় বাসিন্দারা নিজেদের অভিযোগ জানাতে পারেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে’।
অমিত শাহ এদিন আরও বলেন, ‘কোচি শিপইয়ার্ডে তৈরি হয়েছে বিএসএফের এই ভাসমান চৌকি। এই চৌকিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চৌকির সামনের দিকটি বুলেট প্রুফ করা হয়েছে। জওয়ানদের সুবিধার যাবতীয় আয়োজন রয়েছে সেখানে। একবার তেল ভরে ১ মাস পানিতে ভেসে থাকতে পারবে এই সীমান্ত চৌকি। প্রতিটি চৌকির সঙ্গে থাকবে ৬টি করে টহলদারি নৌকা।
সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের উদ্দেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাঁটাতার দিয়ে সীমান্ত সুরক্ষিত হয় না। সীমান্ত সুরক্ষিত রাখে বিএসএফ। কঠিন পরিস্থিতিতে দেশের সীমান্ত পাহারা দেন তাঁরা। হিঙ্গলগঞ্জে যেখানে সীমান্ত চৌকি উদ্বোধন হয়েছে সেখানে কুমিরের সঙ্গে লড়াই করতে হয় তাদের। দেশের সীমান্ত রক্ষাকারি জওয়ানদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ করবে নরেন্দ্র মোদি সরকার।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051