মাহবুব খান
আমার গ্রাম ছেড়ে পূর্বপুরুষের ভিটেমাটি পিছে ফেলে
ছেড়াখোড়া চারণভূমির প্রান্তে
বিষন্ন বাবলার নীচে দাড়াতেই অষ্টাদশি গোধূলি
বকের উড়াল সারির ঢানা মেলে দিলো।
ম্রিয়মান সেই আলোয়
সেই সন্ধ্যার আকাশে অদ্ভূত এক সূর্যাস্ত
আমার পথ রোধ করে দাড়ালো।
বিমুগ্ধতার খোপাখুলে দিয়ে বললো-কতকাল পরে এলে
ক্ষতি হবে কিছুটা সময় থেকে গেলে?
তখন বাবলার চিকন ডালের ঠোঁটে
নবীনা পাতার বেনীতে জড়াড়ড়ি করে
টুপটাপ ঝরে পড়ছিলো সোনামাখা রোদ।
কাটানদীর মিষ্টি জলে বিদায়ের সকরুন বিউগল
মৃদু ঢেউয়ে তুলেছিলো ভিন্ন এক অনুভুতি ভিন্ন এক বোধ।
ফিরে যাওয়া ইচ্ছের বৈকুন্ঠে
কুয়াশাচ্ছন্ন স্বপ্নময় দিগন্ত
তমষাঘন গ্রাম, ছায়ার পাথারে
আমার দুচোখ ভরাট হয়ে গেল বিগত বেদনার নীলে।
উত্তাপহীন জ্বলজ্বলে টিপ আলো ছড়ালো ঋতুমতির প্রসন্ন কপালে।
আমার পূর্বপুরুষদের চোখে শীত কুয়াসার অস্তরাগ
সেদিনও এমন করে থমকে দিয়েছিলো?
পৃথিবীর সব আলো উপেক্ষা করে সেদিনও
বাদুরকন্যা ঝুলেছিলো নবীন কলার মোচায়?
এমনই নিসর্গ, এমনই আলোছায়া ঝুলন ঝুলেছিলো
ম্লানসূর্যের সকরুণ চোখে?
মগ্নতা এমন করে কেদেছিলো পৃথিবীর গানে?
মৃত্তিকার সবুজ ঘাসে মিশে যাওয়া সেই সব স্বপ্নময় চোখে?
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051