সালমান খান মানেই সংবাদের শিরোনামে। ২৭ ডিসেম্বর জন্মদিনের আগে সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন 'ভাইজান'। এরপর বুধবারই দেখা গেল মুম্বাইয়ের জনবহুল রাস্তায় অটো চালাচ্ছেন সাল্লুভাই।
সালমান আগেই জানিয়েছিলেন তিনি নতুন বছর আসা পর্যন্ত পানভেল-এ তার ফার্ম হাউসেই থাকবেন। আচমকা বুধবার পানভেলের রাস্তায় দেখা গেল সালমান অটো চালিয়ে সময় কাটাচ্ছেন। সেই দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে। দাঁড়িয়ে ছবি তোলেন অনেকেই। এর আগেও বহু বার অটো চালক হয়েছেন ভাইজান।
ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট, টিশার্ট ও মাথায় টুপি পরে অটোর চালকের আসনে বসে রয়েছেন সালমান। দক্ষ হাতে অটো চালালেন তিনি। পাপারাজ্জির বদৌলতে সালমানের অটো চালানোর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অনুরাগীরা ভিডিওর নিচে বিভিন্ন কমেন্টে মাতেন। একজন মজা করে লিখেছেন, অভিনেতা না হলে সাল্লুভাই এটা করতেন। আরেকজন লিখেছেন, ভাইজানকে এই অবস্থায় দেখে ভালো লাগছে।
২৭ ডিসেম্বর এই বলিউড তারকার ৫৬তম জন্মদিন ছিল। এদিন পানভেল ফার্মহাউসে পরিবার ও টিনসেল টাউনের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করেন তিনি। সালমান একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, আদরের ভাগ্নে আয়াত শর্মার সঙ্গে নাচে মেতেছেন অভিনেতা। আনন্দের সঙ্গে মামাকে সঙ্গ দিচ্ছে আয়াত। আয়াত সালমানের বোন অর্পিতা খান ও অভিনেতা আয়ুষ শর্মার মেয়ে।
ভিডিওতে দেখা যায়, আয়াতকে কোলে করে নাচ করছেন সালমান। নাচের তালে হাসছে খুদে আয়াতও। ক্যাজুয়াল পোশাকে ক্যামেরাবন্দি অভিনেতা। অন্যদিকে মামার কোলে সুন্দর একটা গোলাপী-সাদা ফ্রক পরে দেখা গেল আয়াতকে। মুখে তার একগাল হাসি।
এর আগে বড়দিন উদযাপন করতে পানভেলের খামার বাড়িতে গিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সব কিছু চলছিল ঠিকঠাকই। কিন্তু আচমকাই বিপদ ঘটে তার সঙ্গে। সাপে কামড়ায় অভিনেতাকে। তারপর হাসপাতালে ভর্তি এবং কয়েক ঘণ্টার চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান ভাইজান।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051