
কিশোরগঞ্জের ভৈরবে এইচএসসি পরীক্ষায় অটোপাশের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সরকারি হাজী আসমত কলেজ, ভৈরব আইডিয়াল কলেজ, জিল্লুর রহমান মহিলা কলেজ ও শিমুলকান্দি ডিগ্রি কলেজের চলমান ২০২৪ব্যাচের শিক্ষার্থীদের একাংশ অংশগ্রহণ করেন।
দুপুর ১২টায় ভৈরব সরকারি হাজী আসমত কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভৈরব দূর্জয় মোড়ে মানববন্ধন কর্মসূচিতে রূপ নেয়।
এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন, মো. তুষার, সাদ্দাম, সামিয়া রহমান, রিনা দেবনাথ, জান্নাতুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেকেই ঘর-বাড়িতে হামলার শিকার হয়েছেন। দেশের সার্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানুসিকতা নেই বেশিরভাগ পরীক্ষার্থীর।
এ পরিস্থিতিতে করোনাকালিন সময়ে ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে যেভাবে অটোপাশের আওতায় আনা হয় একই পদ্ধতিতে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদেরও অটোপাশের আওতায় আনার দাবি জানাই।’