নিজস্ব অগ্নি নির্বাপন ও ফায়ার ড্রিল এর সার্টিফিকেট না থাকলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করি, কিন্তু সেগুলোর কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় বড় ভবন তৈরি করছেন তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে।
শনিবার রাজধানীর কড়াইলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা মহড়ায় অংশগ্রহণ করেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উপলক্ষে এক মহড়া আংশ নিয়ে মেয়র এ কথা বলেন।
যারা ভবন তৈরি করবেন তাদেরকেই ভবনের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে সরকারের উপর বসে থাকলে হবে না। ফায়ার ব্রিগেড এর উপর বসে থাকলে হবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
মেয়র আরো বলেন, বস্তিবাসীর আবাসিক সমস্যা সমাধানে ডিএনসিসি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে চায়। গাবতলীতে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবনের পদক্ষেপ গ্রহণ করছে। একইভাবে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা যেতে পারে”।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারের আমলে পর্যাপ্ত যন্ত্রপাতি কেনা হয়েছে। দেশব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ওয়াটার এম্বুলেন্স, এয়ার এম্বুলেন্স, অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজিসহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হবে।
এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে দক্ষতা তৈরি হবে তা পৃথিবীর যেকোনো উন্নত শহরের সম পর্যায়ের সাথে তূলনীয় হবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ মহসীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির প্রমূখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051