বরগুনার বেতাগীতে বসতঘরে তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করা অগ্নিদগ্ধ সেই ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম আর নেই।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক আহমেদ। তার চাচাতো ভাই মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড সংলগ্ন ইউপি সদস্যের নিজ বাড়িতে তালাবদ্ধ করে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে সস্ত্রীক ইউপি সদস্য ফারুক আহমেদ শামীমকে (৩৩) হত্যাচেষ্টা করা হয়।
অগ্নিদগ্ধ ওই ইউপি সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে বরিশাল শেবাচিম এরপর ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসারত অবস্থায় তিনি ঢাকায় মারা যান।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এদিকে স্থানীয়রা জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লোকজন। এ সময় তারা তালাবদ্ধ ঘর থেকে ইউপি সদস্য শামীম ও তার স্ত্রী সুচিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। মুহূর্তেই আগুনে ইলেকট্রনিক্স জিনিসপত্রে বিস্ফোরণ হয় এবং স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে যায়।
ইউপি সদস্যের পরিবার জানান, তাদের পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ২০১৯ সালেও ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে আগুন দেয়া হয়েছিল। ঠিক তেমনি গতকাল রাতেও ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করতে চেয়েছিল।
শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আগুন থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামিমের দুই হাত, পিঠ, ঘাড় এবং মাথার চুলসহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। শুক্রবার ইউপি সদস্য শামিমের মরদেহ নিজ বাড়ি বরগুনার বেতাগীতে নিয়ে আসা হবে।
সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, ইউপি সদস্য খান শামিম আমার শুধু পরিষদের একজন মেম্বারই ছিলেন না, তিনি আমার রাজনৈতিক কর্মীও ছিলেন। আমার প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবি, ডিএসবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড পরিকল্পিত এটি নিশ্চিত। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051