
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওর এলাকায় আরসিসি সড়ক নির্মাণকাজে অনিয়ম, নিম্নমানের উপকরণ ব্যবহার ও দীর্ঘসূত্রিতার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়ন ও ৭ নং গাগলাজুর ইউনিয়নের মধ্যবর্তী তেতুলিয়া–গাগলাজুর শামপুর নামক স্থানে এ রবিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় নির্ধারিত ৮ কিঃ মিঃ ডুবন্ত এই সড়ক নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা দ্রুত মানসম্মতভাবে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবি জানান। তা নাহলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তালাসহ কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়া হয়।
হাওর সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম শফিক, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,কোটা আন্দোলন ময়মনসিংহ মহানগরের সাবেক আহব্বায়ক সাদ্দাম হোসেন পিন্স, ঢাকা মহানগর ছাত্রদল নেতা তোফাজ্জুল হোসেন,রাফি হাসানসহ এলাকাবাসি।
সাদ্দাম হোসেন বলেন, “সড়কটি নির্মাণ দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি। কিন্তু কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
ঢাকা কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এলাকার সন্তান তোফাজ্জল হোসেন তপু বলেন, “নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাজ বন্ধ রয়েছে, যা এলাকাবাসীর সঙ্গে প্রহসনের শামিল। উন্নয়নের নামে কোনো অবহেলা মেনে নেওয়া হবে না।”
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক নির্মাণকাজ নিম্নমানের হচ্ছে—এ অভিযোগ সঠিক নয়। মূল সমস্যা হলো বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
তিনি জানান,মামলা জনিত কারনে ঠিকাদার প্রকাশ্যে না এলেও অন্য লোক দিয়ে কাজ করাচ্ছিলেন। নির্বাচনের সময় শ্রমিকরা চলে যাওয়ার পর এখনো কাজে ফেরেননি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে এবং চিঠিপত্র পাঠানো হয়েছে। কাজ শুরু না হলে কার্যাদেশ বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও কাদা জমে চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। এতে হাওরের মাছ কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।