
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা ও থানা প্রশাসন। রোববার দুপুর ২টার দিকে ছাতারপাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল এবং নগদ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী সাহাদাৎ হোসেন ও জাহাঙ্গীর আলমসহ অন্তত ২০ জন জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতল ও বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, বেগমগঞ্জ সার্কেল এসপি সাহজাহান শেখ, সেনবাগ ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা ও গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী, চাটখিল ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ