
ঈদুল আজহার ছুটি কাটাতে পরিবারসহ শ্বশুরবাড়ি যাচ্ছিল স্কুলশিক্ষক মাসুদ রানা (৪৫)। পরিবারকে নিয়ে উঠেন সিএনজিচালিত অটোরিকশায়। পথিমধ্য ঘটল বিপত্তি। নসিমনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ওই শিক্ষক। আহত হয়েছে নিহতের স্ত্রী ও দুই ছেলেসহ আরও চারজন।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-ছনবাড়ি সড়কের শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাইন্নাবাড়ি এলাকার হলি কেয়ার মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক।
আহতরা হলেন, মাসুদ রানার স্ত্রী সেতু বেগম, ছেলে নবীন (৯) ও আহিয়ানকে (৪) এবং অটোরিকশাচালক সাব্বির (২১)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, অটোরিকশাযোগে পরিবার নিয়ে মুক্তারপুর থেকে লৌহজং উপজেলার মাওয়া খান বাড়ির দিকে যাচ্ছিলেন মাসুদ রানা। আর কাঠবোঝাই একটি নসিমন শ্রীনগরের ছনবাড়ী এলাকা থেকে সিরাজদিখানে যাচ্ছিল। পথিমধ্যে কল্লিগাঁও নামক স্থানে অটোরিকশা-নসিমনের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মাসুদ ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠান চিকিৎসক। ঢাকা নেওয়ার পথেই মারা যান মাসুদ রানা। বর্তমানে তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।