
সব ফুলে জানি মালা গাঁথা হয়না,
কাঁটা আছে যে ফুলে সে-আঘাত কারো সয়না।
যে ফুল ফোটে নীরবে অগোচরে সে-ও ঝরে যায়
তবে কি সুবাস তার মূল্যহীন উদাসী হাওয়ায় ?
ঝরা ফুলের পাপড়ি সে-ই তো সাজিয়ে রাখে
শোভা পায় ডাইরির ফাঁকে —-
স্মৃতিটুকু জাগরুক থাকে মনের খাতায়,
মর্মরধ্বনি বাজুক নাহয় চৈত্রের ঝরা পাতায়।
যে জীবন বিলিয়ে দিই কোনো মানুষের তরে
সুবাসিত হই চিরকাল অগণন মানুষের ঘরে।
ধন্য হই — না পাই স্থান কারো মনের কোণে
মেঘ হবো, ঝরঝর বৃষ্টি হবো শূন্য গগনে।
কে মূল্য দিলো আর না দিলো পৃথিবীতে
তার হিসেব কষে কী হবে !
প্রাপ্তির সুখ বড়ো কথা নয় —-
যা শাশ্বত সুন্দর, বেঁচে থাকে একান্ত অনুভবে।