
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সীমান্তবর্তী রৌমারীতে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ৩৪ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে রৌমারী বাজারসংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাউছার আলীর নেতৃত্বে একটি দল বাজারসংলগ্ন মৃত রিপন সাহার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছেলে হিরার শোবার ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৩৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হিরাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অনুসন্ধানে জানা যায়, উদ্ধার হওয়া পেট্রোল স্থানীয় “রহমান অ্যান্ড সন্স” নামের একটি পাম্প থেকে সংগ্রহ করা হয়েছিল, যা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর ডিলার হিসেবে পরিচিত। পাম্পটির মালিক হিসেবে মুশফিকুর রহমান খালিদ রাতুলের নাম জানা গেলেও স্থানীয় সূত্রে দাবি, এটি রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পরিচালনা করেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, হিরা ওই পাম্পে কর্মচারী হিসেবে কাজ করতেন। সেই সুযোগে তিনি দীর্ঘদিন ধরে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন—এমন অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সংকটকে পুঁজি করে একটি চক্র অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি তেলের মতো স্পর্শকাতর পণ্যে কোনো অনিয়ম সহ্য করা হবে না।