
মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলের মানবপাচার ও ঘুষ কেলেঙ্কারির সঙ্গে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালামের সংশ্লিষ্টতার অভিযোগ আসে।
বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে গত ৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কালামের মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টিও নির্ধারণ করা হয়ে গেছে।
মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দয়িত্ব পালন করেন। এছাড়া সিয়েরালিয়ন, ডেমমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন এই সেনা কর্মকর্তা।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগ পর্যন্ত তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ পদে দায়িত্বরত ছিলেন।
মেজর জেনারেল আশিকুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস অব ডিফেন্স স্টাডিজ এবং মাস্টারস অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে বিবাহিত আশিকুজ্জামানের সহধর্মিনী নাহিদ নিয়াজ শিলু। তিনি দুই ছেলের বাবা। তিনি একজন গলফার ও শিল্পী।
ভিন্নবার্তা ডটকম/এসএস