
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে। নিশান মাহমুদ ফরিদপুর শহরের মধ্য আলিপুর মহল্লার কামাল মুন্সির ছেলে।
জেলা পুলিশ সূত্র জানায়, গত ২৬ জুন সিআইডি ঢাকার কাফরুল থানায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেন।
ওই মামলার আরেক আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, মানি লন্ডারিং মামলায় ঢাকায় নিশান মাহমুদ গ্রেফতার হলেও তাকে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া অপর এক মামলায় গ্রেফতার দেখানো হবে।
এছাড়া তাকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা এবং মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ জনকে গ্রেফতার করা হল।
ভিন্নবার্তা/এসআর