
চালের আড়ত, ভোজ্যতেলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৬৭ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৫ টাকা জরিমানা করা হয়। বুধবার (৪ আগস্ট) অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ভোক্তা অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য কেনা-বেচা করতে সতর্ক করে অভিযান পরিচালনাকারী টিম। এ সময় বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচার করা হয়।
ঢাকা মহানগরের খিলগাঁও, বাসাবো, মালিবাগ এলাকার বিভিন্ন চালের আড়ত, ভোজ্যতেলের দোকান ও নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে চাল, ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না তা তদারকি করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৬৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ঢাকাসহ সারাদেশে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি কার্যক্রমও তদারকি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন