
কমেডিয়ানদের বাস্তব জীবনের গল্প শুনে অনেকে হাসেন। ভাবেন, তাদের জীবনও কৌতুকময়। কিন্তু এর পেছনে থাকতে পারে কোনো না কোনো আশঙ্কা। সম্প্রতি বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যাওয়ার গল্প বলছিলেন কপিল শর্মা। তা শুনে দর্শকেরা তুমুল হেসেছেন।
দ্য কপিল শর্মা শো বা কমেডি নাইটস উইথ কপিলের মতো টিভি শো দিয়ে জনপ্রিয়তায় অনেকে ফিল্মি তারকাকেও টেক্কা দেন কপিল। ২০১৮ সালের ১২ ডিসেম্বর প্রেমিকা গিনি চাতার্থের সঙ্গে তার মালাবদল হয়। তবে প্রেম করে বিয়ে করলেও নিজের বিয়ের মঞ্চ থেকে নাকি পালিয়ে গিয়েছিলেন কপিল!
গত রবিবারের পর্বে কপিল নিজেই সে কথা খোলসা করেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ বব্বর ও জয়া প্রদা। খুব শিগগিরই ‘ভূত আংকেল তু সি গ্রেট হো’ ছবিতে দেখা যাবে তাদের। সেই ছবির প্রচারেই এসেছিলেন রাজ-জয়া।
রাজ বব্বরকে কপিল জিজ্ঞাসা করেন, “আমি শুনেছি কোনো রাজনৈতিক সভায় গেলে মঞ্চটা শক্তপোক্ত আছে কি-না তা আপনি আগে দেখে নেন, সেটা কি সত্যি?”
উত্তরে অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ বব্বর বলেন, “আমি যখন রাজনীতিতে আসি তখন রাজনৈতিক কারণেই তো বটেই, বহু অনুরাগী আমাকে দেখতেও সভায় আসত। তার মধ্যে অনেকেই লাফিয়ে মঞ্চে উঠে আসতেন। তাতে মঞ্চ ভেঙে পড়ার প্রবল আশঙ্কা থাকে। তাই আমি যেকোনো সভায় গেলে আগে দেখে নিই মঞ্চটা শক্তপোক্ত কি-না।”
সেই কথা প্রসঙ্গেই নিজের বিয়ে টেনে আনেন কপিল শর্মা। তার কথায়, বিষয়টা উপলব্ধি করতে পারছেন। কৌতুকশিল্পী বলেন, “আমার বিয়েতেও এই একই অবস্থা হয়েছিল। অনেক লোকজনই আমাকে সামনে থেকে দেখার জন্য মঞ্চে ওঠে এসেছিলেন। তাতে মঞ্চ ভেঙে যাওয়ার উপক্রম। ভয় পেয়ে আমি দৌড়ে গিয়ে আমার ঘরে ঢুকে পড়ি। আর বের হতেই চাইছিলাম না।”
বর্তমানে গিনি চাতার্থের সঙ্গে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন কপিল। আনাইরা নামে একটি মেয়েও রয়েছে তাদের।
ভিন্নবার্তা ডটকম/এন