
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমেই কৃতজ্ঞতা জানান দেশ–বিদেশের সেই সমর্থকদের, যারা তাকে ভোট দিয়ে এগিয়ে নিতে সাহায্য করেছেন। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, “মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি খুব কাছ থেকে শিখে এসেছি কীভাবে কী করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার—বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে। টপ ৩০-এ যারা উঠেছেন, তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে, মুকুট পরার মেধাও আছে। এই যাত্রায় আমি গর্বিত। এরপর যিনি এখানে অংশ নিতে আসবেন তাকে সর্বোচ্চ সহায়তা করব।”