
বেশ কয়েক বছর ধরে বরুণ ধাওয়ান আর তার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের বিয়ে ঘিরে নানান গুঞ্জন চলছে। অবশেষে এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, চলতি মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি।
গত বছরই তাদের বিয়ের জল্পনা তুঙ্গে ছিল। বরুণের কাকা অনিল ধওয়ান সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন। প্রথমে গুজব বললেও পরে তিনি স্বীকার করে নেন, খুব শিগগির বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বরুণ।
ভারতীয় গণমাধ্যম পিংকভিলা বলছে, এটি হতে যাচ্ছে পাঞ্জাবের আলিবাগের একটি পাঁচতারা হোটেলে। এজন্য তারা বুকিংও সম্পন্ন করেছেন।
বিনোদন বিষয়ক এ পত্রিকা বিয়ের আয়োজনের নানা বিষয় প্রকাশ করেছে। তারা জানায়, কোভিড বিধি মেনেই করা হবে সব আপ্যায়ন। করোনা আবহে আমন্ত্রিতদের তালিকায় প্রচুর কাটছাঁট করা হচ্ছে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজন ছাড়া অন্য কেউই এই দাওয়াত কার্ড পাচ্ছেন না। ২০০ অতিথি বিবাহ আসরে উপস্থিত থাকবেন।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতেই বিয়ে হবে। ধাওয়ান পরিবারের পক্ষ থেকে ই-কার্ডে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ২২ থেকে ২৫ জানুয়ারি ডেট ব্লক করে রাখতে বলা হয়েছে অতিথিদের।
শোনা যাচ্ছে, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে সংগীত ও মেহেদির অনুষ্ঠানের আয়োজন করা হবে আর বিয়ে ২৪ জানুয়ারি। বিয়ের একদিন আগেই ধাওয়ান ও দালাল পরিবার ভেন্যুতে পৌঁছাবেন।
ভিন্নবার্তা ডটকম/এন