
ঢাকাই সিনেমার আলোচিত রহস্যময়ী নায়িকা পরীমনিকে বনানী থানায় হস্তান্তর করেছে র্যাব। পরীমনির সঙ্গে প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকেও সেখানে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজই আদালতে পাঠানো হবে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব সদরদপ্তর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বনানী থানায়। এর আগে তাদের গ্রেফতার দেখিয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।
এ বিষয়ে বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন র্যাব সদস্যরা। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা শেষে তাদের আজই আদালতে পাঠানো হবে।
গতকালের (বুধবার) অভিযানে পরীমনির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও রাজের বাসা থেকে আটক সবুজ আলীকেও থানায় হস্তান্তর করেছে র্যাব।
উল্লেখ্য, গেল বুধবার রাতে র্যাব অভিযান শেষে পরীমনিকে আটক করে। আটকের পর তাকে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানেই রেখে জিজ্ঞাসাবাদ করা হয় পরীমনিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব-১ এর সদস্যরা। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমনি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি।
তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। এরপর র্যাব সদস্যরা ভেতরে ঢোকেন ও তল্লাশি শুরু করেন। পরে রাত ৮টার দিকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ পরীমনিকে আটক করে র্যাব সদরদফতরে নেওয়া হয়।
এরপর পরীমনির পাশেই রাজের বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসায় মাদকসহ পর্নোগ্রাফি ও বিকৃত যৌনাচারের বিভিন্ন আলামত এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ