
রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আত্মঘাতী ওই কিশোরের নাম আরমান। নেশা করার কারণে মারধর করায় বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে বাসার বাথরুমে কাপড় রাখার হেংগারের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় আরমান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরমান কুমিল্লা জেলার হোমনা উপজেলার মোবারক হোসেনের ছেলে। পশ্চিম আগারগাঁও তালতলার একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত সে।
বাচ্চু মিয়া আরও বলেন, আরমান তালতলা এলাকার একটি ওয়ার্কশপে কাজ করত বলে পরিবার জানিয়েছে। সম্প্রতি এলাকায় বখাটে ছেলেদের সঙ্গে নেশা করতে শুরু করে সে। বিষয়টি জানতে পেরে রাতে তার বাবা বকাঝকা করে এবং তাকে চড় মারে। এতে অভিমান করে সে বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে আরমানকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ