
নেত্রকোনায় চতুর্থ ধাপে জেলা সদরের পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। আর এ ধাপে ভোটগ্রহণ করা হবে ১৪ ফেব্রয়ারি। নির্বাচনে মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামীলীগ-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা নিবার্চন কর্মকর্তা লতিফুর রহমান শেখের হাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।
দলীয় নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, কৃষক লীগের জেলা সভাপতি কেশব রঞ্জন সরকার, দফতর সম্পাদক মাজারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, এডভোকেট দীপক ধর গপ্ত, অর্পিতা খানম সুমীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমীকলীগের নেতা কর্মীরা।
এদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আনোরুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব, মজিবর রহমান, সালাউদ্দিন খান মিল্কীসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ডাকসু সদস্য তার সমর্থকদের সাথে নিয়ে মোহাম্মদ আলী মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়া নেত্রকোনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২ জন প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস