
‘এ বছর এখনো ইলিশ খেতে পারিনি। বাজারে চড়া দামে। এর মধ্যে ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভেবেছিলাম দাম কমবে। এখন আর খাওয়ার কোনো আশাই থাকলো না।’
সেগুনবাগিচা বাজারে কথাগুলো বলছিলেন সরকারি চাকরিজীবী মনির হোসেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতে ১২শ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পরে সন্ধ্যায় তিনি এ প্রতিক্রিয়া জানান।
গৃহকর্মী ময়না আক্তার জানান, ‘এ বছর শুধু নয়, চার বছর ঢাকায় আসার পর কখনোই ইলিশ মাছ কিনতে পারিনি। যে বাড়িতে কাজ করি তারা দেওয়ায় কয়েকবার খেয়েছি।’
ময়না অবশ্য জানেন না ভারতে ইলিশ রপ্তানির খবর। তবে তিনি বলেন, ‘ছেলেমেয়ে খুব খেতে চায়। কিন্তু কিনতে পারি না, দামের কারণে সাহসে কুলায় না। ইলিশ মাছ খাবো এই সামর্থ্য আমাদের এখনো হয়নি ভাই।’
দেশে অতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকার ওপরে। এত দাম এর আগে কখনো হয়নি। ঠিক এমন পরিস্থিতির মধ্যে আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।