
তোমায় নিয়ে জ্বালা আমার
একটুতেই হয়ে পড় অস্থির।
দুশ্চিন্তার কালো রেখা
তোমার ফর্সা কপালে করে ভিড়।
তুমিও অত্যধিক পটু
অনায়াসে তিলকে করে ফেল তাল।
অগোছালো করে ফেল
অনেক কষ্টে গুটানো চিন্তার জাল।
তুমি আমার নিষ্প্রাণ জীবনটায়
এনে দিয়েছ প্রাণ।
নেতানো মলিন মন-মানসিকতায়
এনেছ দ্যুতি,টান টান।
আমাকে তুমি শিখিয়েছিলে ভালোবাসা
যা পুরো অন্যরকম।
আমি অবশেষে বুঝতে পেরেছি
আমিও নই কারো চেয়ে কম।
তোমার আগ্রহে অত:পর জীবনকে
নতুন করে দেখছি।
ক্যানভাস-তুলি-রঙ অলস পড়ে ছিল
তাতে ছবিও আঁকছি।
বাস্তবে যেমনটা তুমি
অমন করে আঁকতে পারছি কই?
মাঝে মাঝে কেন উৎসাহ হারিয়ে ফেল
আমি কি তোমার নই?
সেই তুমি আমাকে এতটা পথ দেখিয়ে
এখন কেন এমন?
নিজেতে কেন তুমি তুলে নিচ্ছ
রাজ্যের ভাবনার ওজন?
কেমন করে জড়াল তোমাতে
অনাহুত অস্থিরতার ঢেউ?
নিজেকে তুমি না সামলালে
পিছু লেগে যাবে অবাঞ্চিত ফেউ।
ভিন্নবার্তা ডটকম/এন